Skip to main content

মুক্তিযুদ্ধ ছিলো অপরিহার্য



মুক্তিযুদ্ধ ছিলো অপরিহার্য

হীরেন পণ্ডিতঃ


১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করেছিল। বাংলাদেশের জন্ম হয়েছিল এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু এ লড়াই, এ বিপুল আত্মত্যাগ নিছকই একটা রাষ্ট্র, ভূখণ্ড বা মানচিত্রের জন্য ছিল না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি হিসেবে আমরা নিজেদের জন্য এমন একটি রাষ্ট্রকাঠামো পেতে চেয়েছি, যেখানে কতগুলো সুনির্দিষ্ট আদর্শ ও মূল্যবোধকে থাকবে এবং রাষ্ট্র ধারণ করবে সেই কাঠামোগুলো ও লালন করবে সেই মূল্যবোধগুলোকে। নাগরিকদের মধ্যে সেগুলো নির্বিঘ্ন চর্চার পরিবেশ তৈরি করবে।

পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এ সব আদর্শ ও স্বপ্নের বাস্তবায়ন সম্ভব ছিল না। মুক্তিযুদ্ধের সাফল্য একদিকে বাংলাদেশের জনগোষ্ঠীকে একটি স্বাধীন জাতি হিসেবে পরিচিতি দেয়, অন্যদিকে নতুন রাষ্ট্রকাঠামোর ভেতরে দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে পাওয়া সেসব আদর্শ ও মূল্যবোধ চর্চার এক কঠোর দায় আরোপ করে সম্ভাবনার সুযোগ করে দেয়। মুক্তিযুদ্ধ তাই একাধারে এক দীর্ঘ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে অরো একটি দীর্ঘ আন্দোলনের সূচনা করা যা এখনো চলছে।

১৯৪৭ সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়। ভারত ও পাকিস্তান। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পরও বাংলাদেশের স্বাধীনতা জরুরি হয়ে উঠেছিল নানাবিধ কারণে। প্রথম কারণ জাতিগত প্রশ্নের মীমাংসা করা ছিল জরুরি। পাকিস্তানী শাসকরা শুরুতেই নিপীড়ন চালিয়েছে বাঙালিদের ওপরে, বাঙালি জাতিসত্তার ওপরে। কি নিষ্ঠুর সেই নিপীড়ন ও শোষণ আজও এক দুঃস্বপ্ন এবং দুর্বিষহ করেছিল সেই দিনগুলোকে। রাষ্ট্রক্ষমতা যাদের দখলে বা হাতে ছিল তারা কেবল যে অবাঙালি ছিল তা নয়, তারা বাঙালি-বিদ্বেষী ছিল এবং যে যেভাবে পেরেছে শোষণ আর নিপীড়নে শেষ করেছে এ দেশকে, পেছনে ফেলে দেয়ার চেষ্টা করেছে। এ দেশের মানুষের মনে আজো সেই ক্ষত রয়ে গেছে। শাসন ব্যবস্থার পুরোটাই ছিল এই বাঙালি-বিদ্বেষীদের হাতে। সামরিক বাহিনী, আমলাতন্ত্র, পুলিশ, আদালত, জেলখানা সবই তাদের অধীনে। ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতি সব কিছু তারাই নিয়ন্ত্রণ করত। প্রচার মাধ্যম ও ছিল তাদের দখলে। শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান তারা হাতে রাখতে চাইত সবসময় এবং তার জন্য যা যা করা দরকার তাই করেছে পাকিস্তানী শাসকগোষ্ঠী।

জাতিগত নিপীড়নের এই সমস্যার সমাধান না করে অন্য প্রশ্নগুলোর মীমাংসা করা সম্ভব ছিলনা এবং সেগুলোর সমাধানের চেষ্টাও শাসকগোষ্ঠী করেনি। সে জন্যই এই দেশের মানুষের জন্য স্বাধীনতা অতিব জরুরি বিষয় হয়ে উঠেছিল। ওটি ছিল প্রথম পদক্ষেপ, সমষ্টিগত অগ্রযাত্রার মূল লক্ষ্যটা কী? মূল লক্ষ্য ছিল জাতীয় মুক্তি, সেই মুক্তির দিকে অদম্য চলছে আজকের বাংলাদেশ। বাঙালি জাতি বলতে, বিশেষ গোষ্ঠী বুঝায় না বা কোন বিশেষ কাউকে নয় বরং জাতি হচ্ছে দেশের সমস্ত জনগণ। এদেশের জনগণের মুক্তিই ছিল প্রধান লক্ষ্য। জনগণ স্বাধীনতাকে ওই দৃষ্টিকোণ থেকেই দেখে এসেছে এখনো দেখছে। এ দেশের মানুষ দেখেছে, মনে করেছে রাষ্ট্র স্বাধীন হলে তারা মুক্ত হবে, তারা এই শোষণ ও নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে মুক্তি পাবে। তাদের যে ন্যায্য ও ন্যূনতম চাহিদা রয়েছে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার চাহিদা, সেগুলো মিটবে ভালোভাবে এবং স্বপ্ন দেখবে নতুন করে। তাদের জীবনের নিরাপত্তা থাকবে এবং যে অধিকারগুলো পাবার কথা সেগুলো পাবে। সবাই মানুষের মতো বাঁচতে পারবে অধিকার প্রতিষ্ঠা পাবে স্বপ্ন দেখতে পারবে। খোলা আকাশের নিচে মুক্ত বিহঙ্গের মতো দম নিতে পারবে। এই স্বপ্নকে বুকে নিয়েই একাত্তরে মানুষ যুদ্ধ করেছে। সে জন্যই এ যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলা হয়।

১৯৪৭ সালে ভারত ভাগ হবার পর স্বাধীনতা একবার এসেছিল। নতুন রাষ্ট্র, সংবিধান, রাজধানী, পতাকা, দালানকোঠা ক্ষমতায় নতুন মানুষ সবই হলো, ভূখণ্ডও আমাদেও হলো কিন্তু যে জন্য মানুষ পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল সেই আশাটাও পূরণ হলো না এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন অধরাই থেকে গেলো। জনগণের মুক্তি এলো না বা বাঙালি জাতি কিছুই পেলো না। পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে শত শত মাইলের দূরত্ব ছিল যোজন যোজন ব্যবধান, কিন্তু ওই দূরত্বের কারণে পাকিস্তান ভাঙেনি, সামরিক বাহিনী, আমলাতন্ত্র, নেতৃত্বের কারণেও নয়, বলাই যায় পাকিস্তান ভেঙেছে বৈষম্যের কারণেই। এক অংশ সব ক্ষমতা দখল করে রেখেছিল এবং সবকিছু করায়ত্ত রেখে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছিলো। বাংলাদেশের মানুষের জন্য ওপর জাতিগত নিপীড়ন ও শোষণ চলছিল তা ক্রমেই বেড়ে যাচ্ছিলো। নিপীড়ন ও শোষণের কারণে বাংলাদেশ শ্মশানে পরিণত হবার উপক্রম হয়ে যায়। এই জন্য তো মানুষ দেশ বিভাগ চায়নি। এদশের মানুষ অধিকার নিয়ে বাঁচতে চেয়েছে, সে জন্য তারা ওই স্বাধীনতাকে প্রত্যাখ্যান করে নতুন রাষ্ট্রের প্রতিষ্ঠা যে প্রয়োজন, ক্রমে ক্রমে এই ধারণা গড়ে তুলল। দাবির ব্যাপারটা প্রথমে স্পষ্ট ছিল না তাদের কাছে, কিন্তু আস্তে আস্তে তা স্পষ্ট হতে লাগলো।

ঘটনাচক্র এ দেশের মানুষকে শিখিয়ে দিল যে পুরনো রাষ্ট্রে তাদের মুক্তি নেই। মুক্তিযুদ্ধে বিজয়ের পর প্রশ্ন দাঁড়াল আমাদের মুক্তি কীভাবে আসবে? আসার একটা পথ বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে দেয়া হয়েছিল। চারটি মূলনীতির কথা উল্লেখ করা হয়েছিল। মুক্তিযুদ্ধের ভেতর থেকে সেগুলো পরিণত হয়েছিল রাষ্ট্রের মূলনীতিতে। কিন্তু পথের দিশা সংবিধানে থাকাই তো যথেষ্ট নয়, পথটা বাস্তব ক্ষেত্রে গড়ে তোলা অনিবার্য হয়ে উঠেছিল। উপযুক্ত ব্যক্তি ও সংগঠনের প্রয়োজন ছিল। আমাদের ১৯৫২ থেকে ১৯৭১ সালের দুই দশকের আন্দোলনের দাবিগুলোর মধ্যে, আমাদের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষের প্রাণ বিসর্জন দেয়ার পেছনের অমর স্বপ্নের মধ্যে নিহিত হয়ে আছে সেসব আদর্শ, মূল্যবোধ আর স্বপ্ন।

১৯৪৭ সাল থেকেই বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির প্রধান আকর্ষণ। বাঙালি জাতির মুক্তির ইতিহাস তাঁকে ঘিরে আবর্তিত হয়েছে। তরুণ শেখ মুজিব ধীরে ধীরে হয়ে উঠলেন বাঙালি জাতির মুক্তিদাতা। নতুন রাজনৈতিক চিন্তাচেতনা। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি আন্দোলনে অংশ নেয়ার মাধ্যমেই রাজনৈতিক তৎপরতার সূচনা হয়। এরপর ১৯৫২ এর মহান ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্তফ্রন্ট গঠন, ১৯৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন ও ১৯৬৬ এর ঐতিহাসিক ছয় দফা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে তিনি হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা।

বঙ্গবন্ধু তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে একাত্তরের মার্চ মাসের শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের অনিবার্য। তাই তিনি একাত্তরের ৭ মার্চ বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এ ভাষণে বাঙালির প্রতি পাকিস্তানিদের হত্যা-নিপীড়ন-নির্যাতনের চিত্র মূর্ত হয়ে উঠে। শত্রæর মোকাবিলায় তিনি বাঙালি জাতিকে নির্দেশ দেন, 'তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো।' জাতির পিতার এই সম্মোহনী ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে।

৭ মার্চের মাত্র ১৯ মিনিটের এই পৃথিবী কাঁপানো বজ্রকণ্ঠের ঐতিহাসিক জ্বালাময়ী ভাষণ ছিল বাঙালির হাজার বছরের আবেগ, হাজার বছরের স্বপ্নের বাণী, হাজার বছরের আকাক্সক্ষার প্রতিফলন, যা ছিল বাঙালিকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা। দীপ্ত কণ্ঠে বঙ্গবন্ধু উচ্চারণ করলেন, 'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।' এ ঐতিহাসিক ভাষণই বঙ্গবন্ধুর নেতৃত্বে-নির্দেশে মুক্তিপাগল বাঙালি জাতিকে হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল এবং এই ভাষণের মধ্য দিয়েই বাঙালির ভবিষ্যৎ ভাগ্য স্পষ্ট নির্ধারিত হয়ে গিয়েছিল।

বঙ্গবন্ধু অত্যন্ত প্রতীকী স্টাইলে ভাষণটি দিয়েছিলেন। একদিকে মুক্তিকামী মানুষকে দীর্ঘ সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেছেন, অন্যদিকে পাকিস্তানি শাসকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু শুধু একজন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বিশ্বমাপের কূটনীতিবিদ। ৭ মার্চের ভাষণে তিনি সবকিছুকে প্রকাশ করেছেন একজন কূটনীতিবিদের মতো। তিনি বলেছেন, বিগত ২৩ বছরের বঞ্চনার ইতিহাস। তিনি ভাষা আন্দোলন, ১৯৫৪-এর নির্বাচন, ১৯৫৮-এর সামরিক শাসন, ১৯৬৬-এর ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচনসহ তৎকালীন পাকিস্তানে বাঙালি বঞ্চনার কথা জানিয়েছেন, অন্যদিকে যুদ্ধকৌশলও বলে দিয়েছেন এবং একটি সাজানো গোছানো অলিখিত ভাষণ দিয়েছেন।

অনেকে বলেন, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধে অনুপস্থিত ছিলেন। কখনও তাঁরা বিচার করেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত স্বাধীন দেশের অভ্যন্তর থেকে বিদেশি হানাদার-শত্রু বিতাড়নের একটি যুদ্ধ। ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর আমাদের ৯ মাস সময় লেগেছিল ওই শত্রুদের বিতাড়ন করতে। আমরা ওদের বিতাড়ন করতে সক্ষম হই বলেই ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস।

২৬ মার্চ বাংলাদেশের নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ওই ঘোষণাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তি ভূমি, অর্থাৎ ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে ভিত্তি ধরে ১০ এপ্রিল স্বাধীনতার পূর্ণাঙ্গ ঘোষণাপত্র বা বাংলাদেশের সংবিধানের মাতৃকোষ ঘোষিত হয় এবং স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়। এই ঘোষণাপত্রের ওপর ভিত্তি করেই বাংলাদেশের পূর্ণাঙ্গ সংবিধান রচিত হয়। তাই ১৯৭১ সালে ৯ মাস বাংলাদেশে যে যুদ্ধ হয় তা ছিল নিজ স্বাধীন দেশকে হানাদার বাহিনী থেকে মুক্ত করার যুদ্ধ। ১৯৭০ এর নির্বাচনের ভেতর দিয়ে আসা একটি স্বাধীন দেশের জন্য সব মানুষ এই যুদ্ধ করে। স্বাধীন বাংলাদেশ নামক যে দেশটি ২৬ মার্চ ১৯৭১ সালে জন্ম নিল, এই দেশ বা রাষ্ট্রটি যে নির্বাচনের ভেতর দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত তা স্বাধীনতার ঘোষণাপত্র বা বাংলাদেশের সংবিধানের মাতৃজনন কোষে স্পষ্ট ভাষায় উল্লেখিত।

বাংলাদেশের ওপর গণহত্যা শুরু ও যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরেই বাংলাদেশের জনগণের নির্বাচিত নেতা হিসেবে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। হানাদারদের বিরুদ্ধে সবাইকে যুদ্ধ করার নির্দেশ দেন। সেটাকেই স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে সব জনপ্রতিনিধি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বৈধ ঘোষণা হিসেবে মেনে নেন। আর বঙ্গবন্ধু ঘোষিত স্বাধীন দেশের জন্য সরকার গঠন করেন। বঙ্গবন্ধুকে ওই সরকারের প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বৈধ সরকার তখন দেশের ওপর ওই ঘোষণাপত্র অনুযায়ী সব আইন প্রণয়ন ও রাজস্ব-সংক্রান্ত সব অধিকার পায়। অর্থাৎ ২৬ মার্চ যে স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয় ওই রাষ্ট্রটি ১০ এপ্রিল থেকে তাদের সংবিধান ও বৈধ সরকার নিয়ে যাত্রা শুরু করে। রাষ্ট্রটির জন্য তখন পথ চলতে দু’টি মাত্র বাধা থাকে। প্রথম হলো রাষ্ট্রটির অভ্যন্তরে বেশ কিছু স্থান তখন পাকিস্তানি সেনাবাহিনী দখল করে রেখেছিলো এবং দ্বিতীয়ত রাষ্ট্রটির জন্য অন্য রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দরকার।

এই আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য দু’টি বিষয় জরুরি ছিল। প্রথমত যারা এই রাষ্ট্র গঠন করেছে তাদের প্রমাণ করতে হবে তারা বিচ্ছিন্নতাবাদী নয় এবং দ্বিতীয়ত রাষ্ট্র নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হচ্ছে কি না? কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অন্য একটি গণতান্ত্রিক নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে গেলে প্রথমেই দেখতে হয় যারা নতুন রাষ্ট্র গঠন করেছেন বলে দাবি করছেন, তারা বিচ্ছিন্নতাবাদী কি না? যদি তারা বিচ্ছিন্নতাবাদী প্রমাণিত না হয় তাহলে স্বীকৃতি পাওয়ার বেশির ভাগ শর্ত তারা পূরণ করেন।

বাংলাদেশের এই পাকিস্তানি হানাদার বিতাড়নের যুদ্ধে বঙ্গবন্ধু যদি পালিয়ে যেতেন বা আন্ডার গ্রাউন্ডে গিয়ে কমিউনিস্ট বিপ্লবীদের মতো যুদ্ধ পরিচালনা করার চেষ্টা করতেন, তাহলে পাকিস্তানের সামরিক শাসক তাঁকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পেত। কিন্তু তাঁর দেশ আক্রান্ত হওয়ার পরে বঙ্গবন্ধু নিজ বাসভবনে বসেই স্বাধীনতার ঘোষণা দেন। তিনি তাঁর জনগণকে আক্রমণকারীদের প্রতিহত করার আহ্বান জানান এবং বিশ্ববাসীর কাছে ওই নতুন রাষ্ট্রের জন্য স্বীকৃতি চান।

এই ঘোষণা ও স্বীকৃতি চাওয়ার কাজটি ছিল প্রকাশ্যে এবং নির্বাচিত নেতা হিসেবে। তাই পাকিস্তানি সেনাবাহিনী যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে তখন তারা একটি স্বাধীন দেশের নির্বাচিত সরকার প্রধানকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধু প্রমাণ করেন, তিনি বা তাঁর দল বিচ্ছিন্নতাবাদী নয়। অর্থাৎ বঙ্গবন্ধু প্রকাশ্যে এভাবে গ্রেপ্তার হওয়ার ভেতর দিয়ে, স্বাধীনতা ঘোষণার পরে এই দেশটির আর বাকি যে বিজয় অর্জন করার ছিল তার বেশির ভাগ তিনি একাই করেন। অর্থাৎ তিনি বিশ্ববাসীর কাছে প্রমাণ করলেন, তিনি ও তাঁর দল বিচ্ছিন্নতাবাদী নয়, তাঁরা মূলত নিজস্ব ভূমি থেকে হানাদার মুক্তির জন্য যুদ্ধ করছেন।

১৯৭১-এর ৯ মাসে পাকিস্তানের জেলে যাওয়ার ভেতর দিয়ে তিনি যেমন বেশির ভাগ যুদ্ধে জিতিয়ে দেন বাঙালিকে, তেমনি জেলে বসেও তিনি আগরতলা মামলার মতো নিজেকে রূপান্তরিত করেন; তাঁর আকৃতি আরও বিশাল হয়। গণতান্ত্রিক বিশ্ব বলে, নির্বাচিত নেতাকে গ্রেপ্তার করার অধিকার পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষের নেই। আমেরিকান প্রেসিডেন্ট পাকিস্তানের পক্ষ নিলেও তাঁর সিনেটে তিনি বার বার বাধাগ্রস্ত হন পাকিস্তানের পক্ষে। এ কথাও সবাই বলেন, একমাত্র শেখ মুজিবুর রহমানই তাঁর দেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ নয়। তাই মুক্তিযুদ্ধে যেমন বজ্রকণ্ঠের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের রাইফেলে, মাইনে, গ্রেনেডে সবখানে ছিলেন বঙ্গবন্ধু, তেমনি আন্তর্জাতিক বিশ্বে প্রায় এককভাবে লড়াই করেন গ্রেপ্তার হওয়া নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যে কোনো মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম যেমন দেশের মানুষের আত্মত্যাগের মাধ্যমে হয়, তেমনি তার সঙ্গে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়ায় সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ। সারা পৃথিবীর মুক্তিকামী মানুষকে সেদিন বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর নায্যতা দিয়েছিলেন বন্দী স্বাধীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের কূটনীতিতে সেদিন ইয়াহিয়াকে পরাজিত করেছিলেন বন্দী বঙ্গবন্ধু। অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে সরকার গঠন করে, সশস্ত্র পথে হানাদার তাড়ানোর যুদ্ধে সেদিন বঙ্গবন্ধুর কূটনীতির কাছে হেরে যায় পাকিস্তানি কর্তৃপক্ষ। বিজয়ী হন বঙ্গবন্ধু, রূপান্তরিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে। অনেকেই ভুল করে বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে অনুপস্থিত ছিলেন।

তবে ভারত, রাশিয়াসহ বিশ্ববিবেকের সমর্থন না পেলে ৯ মাসে স্বাধীনতা অর্জন সম্ভব নাও হতে পারতো। তাছাড়া কেউ ইচ্ছে করলেই একটি দেশের স্বাধীনতা ঘোষণা করতে পারেন না। স্বাধীনতা ঘোষণা করার এখতিয়ার বা অধিকার থাকতে হয়। যিনি ঘোষণা করবেন, তাঁর প্রতি তাঁর দেশের এবং আন্তর্জাতিক বিশ্বের সমর্থন থাকতে হবে। স্বাধীনতার ডাক দিলেই জনগণ এতে সমর্থন দেবে না। সত্তরের নির্বাচনে বিজয়ী দলের নেতা হিসেবে একমাত্র বঙ্গবন্ধুরই স্বাধীনতার ঘোষণা দেবার অধিকার ছিল।

ইতিহাসের যেকোনো বড় ঘটনার উদারতা এই যে তা নতুন বাস্তবতায় নতুনতর তাৎপর্যে আমাদের পথ দেখাতে পারে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ এমন এক বিশাল বিষয়, নতুন নতুন বাস্তবতায় যা আমাদের বারবার আত্মস্থ করে আমাদের পথের ঠিকানা ঠিক করে নেয়ার দরকার হয়। গত ৫০ বছরে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক চড়াই-উৎরাই ঘটেছে। সেই অভিজ্ঞতার আলোকে এসব আদর্শ ও মূল্যবোধের ধারণায় নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে এখনো হচ্ছে। অনেক ধারণা এই পরিস্থিতির ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। বর্তমান পৃথিবীতে এসব নতুন বিষয়ে আমাদের প্রাপ্তি-অপ্রাপ্তির, সাফল্য ব্যর্থতা নিজেদের অর্জন-বিসর্জনের পর্যালোচনা না করে জাতি হিসেবে আমাদের এগোনোর উপায় নেই।
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, পেয়েছি সার্বভৌম একটি রাষ্ট্র। মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটিই আমাদের মহান অর্জন। কিন্তু ১৯৭১ সালের যুদ্ধকে ভালোবেসে আমরা নাম দিয়েছিলাম মুক্তিযুদ্ধ। কারণ সে যুদ্ধে স্বাধীনতার দাবির পরিসর আরও বেড়ে গিয়েছিল। ধারণা হিসেবে মুক্তি শব্দটির ভাব আরও ব্যাপক। মুক্তি মানে মানুষের সার্বিক বিকাশের মুক্তি। সে দিকেই আমরা এগিয়ে যাচ্ছি।

লেখক: প্রাবন্ধিক ও গবেষক

Comments

Popular posts from this blog

Land Registration and Title Issues in Bangladesh: A Practical Guide

Land Registration and Title Issues in Bangladesh: A Practical Guide Land Registration and Title Issues in Bangladesh: A Practical Guide Land registration and clear titles are essential for secure property ownership in Bangladesh. Without proper registration, owners can find themselves facing costly legal battles, and face loss of their valuable investments. It is vital to understand the complexities of the laws and procedures related to land registration in Bangladesh, and how to protect your land rights. This comprehensive guide will provide you with vital insights into the various stages of land registration, starting from the verification of title deeds, to resolving title disputes. It also provides details on the intricacies of the current legal system, so you can protect your interests. ...

শেখ হাসিনার ১৬ বছরের উন্নয়ন: একটি বিশ্লেষণ (২০০৯-২০২৪)

শেখ হাসিনার ১৬ বছরের উন্নয়ন: এক বিশ্লেষণ (২০০৯-২০২৪) শেখ হাসিনার ১৬ বছরের উন্নয়ন: এক বিশ্লেষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৬ বছরের উন্নয়নমূলক প্রকল্প ও সামাজিক রূপান্তরের কৌশলগত বিশ্লেষণ (২০০৯-২০২৪) সূচিপত্র (Table of Contents) কার্যনির্বাহী সারাংশ: রূপান্তরের পথরেখা (২০০৯-২০২৪) সংযোগ ও নগর গতিশীলতা (Connectivity and Urban Mobility) স্ব-অর্থায়ন এবং আঞ্চলিক প্রভাব: পদ্মা সেতু ও যমুনা রেল সেতু মহানগরীর আধুনিকীকরণ: মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে ও অন্যান্য প্রকল্প চট্টগ্রাম-কক্সবাজার করিডোর: সুড়ঙ্গ ও বন্দর সুবিধা জ্বালানি নিরাপত্তা ও শিল্পায়ন চালক (Energy Security and ...

Bangladesh Declaration of Independence: Full Analysis with Photos (1971)

Bangladesh Declaration of Independence: Full Analysis with Photos (1971) The Juridical Birth and Enduring Resonance: An Exhaustive Analysis of the Declaration of Independence of Bangladesh By Afzal Hosen Mandal Published on: April 14, 2025 Table of Contents 1. Introduction: Situating the Declaration 2. Antecedents and Catalysts 3. The Declaratory Acts 4. Intrinsic Legal Character and Constitutional Ramifications 5. Implications for Public International Law 6. Symbolism, National Identity, and Collective Memory 7. Historical Controversies and Judicial Clarification 8. Contemporary Relevance and Unfinished Legacies ...